২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাসচালক নিহত

বালুবোঝাই ট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2024, 12:27 PM

Updated : 26 Aug 2026, 09:53 AM

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইউটার্ন নেওয়ার সময় বালু বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক বাসচালক মারা গেছেন।

শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ঢালিবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে বলে জানান ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ মো. শফিকুল ইসলাম।

নিহত স্বপন হোসেন (৫৫) ঝালকাঠির রাজাপুর থানার সাংঘর এলাকার প্রয়াত আয়ুব আলীর ছেলে।

ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আতিকুর রহমান বলেন, সকাল পৌনে ৬টার দিকে বালুবোঝাই একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে এনা পরিবহনের চালক স্বপন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

মৃতদেহ থানা হেফাজতে আছে; এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম।