Published : 11 May 2026, 05:49 PM
নওগাঁর রাণীনগরে একটি দোকান ঘরের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে নগদ টাকাসহ প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।
রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজারের আমিরপুর মার্কেটে আতিকুর রহমান সুমনের মেসার্স তাওহিদ এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল।
দোকান মালিক আতিকুর রহমান বলেন, সারাদিন বেচা-কেনা শেষে রাতে দোকান বন্ধ করে তালা দিয়ে বাড়ি চলে যান তিনি। সোমবার সকালে দোকান খুলে দেখতে পান ক্যাশ বাক্সগুলো এলোমেলো হয়ে আছে।
“পরে দোকান ঘরের পেছনে গিয়ে দেখি, জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে ঢুকে ক্যাশ বাক্স থেকে এক লাখ ৬০ হাজার টাকা, নয়টি টেলিভিশন, চারটি ব্লেন্ডার, সাতটি ইস্ত্রি মেশিন, ১০টি চার্জার ফ্যান, ছয়টি সিলিং ফ্যান, ১৩টি রাইস কুকার, আটটি গ্যাস স্টোভ ও সাতটি প্রেসার কুকার নিয়ে গেছে”, বলেন তিনি।
এতে নগদ টাকাসহ মোট ছয় লাখ ৭২ হাজার ৬৪০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি। ঘটনার পর থেকে ওই এলাকায় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
চুরির খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ওসি জাকারিয়া মণ্ডল। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।