রাজবাড়ীতে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন
২০১৮ সালে খাল থেকে ভাসমান অবস্থায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মঞ্জু শেখের লাশ উদ্ধার করে পুলিশ।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) উজির আলী জানান।
দণ্ডিতরা হলেন- একই উপজেলার মো. শাহাদাত মৃধা অরফে লাভলু, মো. মনোয়ার হোসেন, মো. রিপন সরদার এবং কোবাদ শেখ। তাদের মধ্যে শাহাদাত মৃধা পলাতক রয়েছেন।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
পিপি উজির আলী বলেন, অপর একটি ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে সাত বছরের কারাদণ্ড এবং সাত হাজার টাকা জরিমানা; অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলা রুবেল ব্যাপারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছে আদালত।
তবে ছিনতাই করা মোটরসাইকেলটি ক্রয় করে লুকিয়ে রাখার অপরাধে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং তিন হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান এই আইনজীবী।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৬ অক্টোবর দুপুরে একটি ফোন পেয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মঞ্জু শেখ বাড়ি থেকে বের হন। ওইদিন রাত ১০টার দিকে মঞ্জুরের বাবা তাকে ফোন দিলে তিনি জানান, দৌলতদিয়া সিনেমা হলের সামনে আছেন। তার সঙ্গে হ্যাচারির একজন লোক আছে একটু পর বাড়িতে ফিরবেন।
রাত তিনটার দিকে মঞ্জুরের স্ত্রী তার শ্বশুরকে ডেকে বলে তার ছেলে বাড়িতে ফিরেননি। তার মোবাইলে পরিবারের লোকজন ফোন দিলে নম্বর বন্ধ পায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায় না।
পরদিন ২৭ অক্টোবর সকালে পরিবারের লোকজন লোকমুখে জানতে পারে চর দৌলতদিয়া আইনদ্দিন ব্যাপারী পাড়ার খালের পানিতে একটি ছেলের লাশ ভাসছে। সেখানে পরিবারের লোকজন গিয়ে দেখেন মঞ্জুরের লাশ। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় ওইদিন নিহত মঞ্জু শেখের বাবা মো বাবলু শেখ অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা করেন।
পরে তদন্তকারী কর্মকর্তা পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার চারজনকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “মূলত আসামিরা মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই এ হত্যাকাণ্ড ঘটান। এ রায়ের মধ্য দিয়ে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। বিচার প্রার্থী সঠিক বিচার পেয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্টি প্রকাশ করেছি।”
