২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা, ব্যবসায়ীকে হত্যা

“সালজারকে পূর্ব শক্রতার জেরে হত্যা করা হয়েছে।”

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2025, 06:18 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার হরিরামপুর ত্রিমোহনী ব্রীজ বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল মিয়া জানান।

নিহত ৪৫ বছর বয়সী সালজার রহমান বেপারী গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ধান-চাল ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বুলবুল বলেন, “বুধবার সন্ধ্যার দিকে সালজাল স্থানীয় আমতলী বাজার থেকে ত্রিমোহনী ব্রিজ বাজার যাচ্ছিলেন। পথে রাত ৮টার দিকে ওই এলাকায় কয়েকজন তার ওপর হামলা করে। এ সময় তারা সালজারের মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন।

এক পর্যায়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

“এ সময় সালজারের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।”

সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় সালজারের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

নিহতের চাচা আমিনুল ইসলাম বলেন, “সালজারকে পূর্ব শক্রতার জেরে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চাই।”

লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।