১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা এবং সেখানে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে বলা হয়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 07:25 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

মাদারীপুর শহরের একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের পানিছত্র এলাকার বেসরকারি কে আই হাসপাতালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা।

মারা যাওয়া বিলকিস বেগম (৪৫) সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের রঘুরামপুর এলাকার সিরাজ আকনের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, বুধবার রাত ৮টার দিকে শরীরে ফোঁড়া নিয়ে বিলকিস বেগম ওই হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখানে চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বিলকিস বেগমকে ঢাকায় নেওয়ার পথে রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে জানান স্বজনরা।

রোগীর মৃত্যুর খবর এলাকায় ছড়ালে এদিন সকালে স্বজনরা হাসপাতালে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান তারা। এতে চিকিৎসকের চেম্বারসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

পরে রোগীর স্বজনরা হাসপাতালের সামনে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় চিকিৎসকের বিচার দাবি করে হাসপাতালটি বন্ধের দাবি জানান আন্দোলনকারীরা।

খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, রোগী মৃত্যুর অভিযোগ এবং হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া সেখানে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে বলা হয়।