২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন বৃদ্ধির দাবি: রাজশাহী-ঢাকা রুটে দুটি পরিবহনের বাস বন্ধ

শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে বাস স্টাফদের বেতন ‘অস্বাভাবিক কম’।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2025, 03:55 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

বেতন বাড়ানোর দাবিতে রাজশাহী থেকে ঢাকাগামী সব যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন ‘দেশ ট্রাভেলস’ ও ‘ন্যাশনাল ট্রাভেলসের’ চালক, সুপারভাইজার ও হেলপাররা।

তবে শুধুমাত্র ‘একতা ট্রান্সপোর্টের’ বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

রোববার রাত ৯টা থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের এ ঘোষণায় ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। অনেকে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যেতে পারলেও পর্যাপ্ত বাস না থাকায় অনেক যাত্রী আটকা পড়েন।

‘দেশ ট্রাভেলস’ ও ‘ন্যাশনাল ট্রাভেলসের’ শ্রমিকরা বলছেন, দীর্ঘদিন ধরে রাজশাহী-ঢাকা রুটে বাস স্টাফদের বেতন ‘অস্বাভাবিক কম’।

বর্তমানে ‘ন্যাশনাল ট্রাভেলস’ চালকদের প্রতি ট্রিপে মাত্র ১১০০ টাকা, সুপারভাইজারদের ৫০০ টাকা এবং সহকারীদের ৪০০ টাকা বেতন দেয়। ‘দেশ ট্রাভেলস’ চালকদের বেতন ১২০০ টাকা।

তাদের দাবি, এ বেতন প্রতি ট্রিপে দুই হাজার টাকা করতে হবে। বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত রাজশাহী-ঢাকা রুটে অধিকাংশ বাস চলাচল বন্ধ থাকবে।

ন্যাশনাল ট্রাভেলসের চালক আলী হোসেন বলেন, “দশ বছর ধরে আমাদের একই বেতন দেওয়া হচ্ছে। গত ২৩ অগাস্ট আমরা বাস চলাচল বন্ধ রেখেছিলাম। তখন কর্তৃপক্ষ দুই দিনের মধ্যে বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছিল। কিন্তু দুই সপ্তাহ পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

“তাই এবার অন্য বাস শ্রমিকরাও আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। একতা ট্রান্সপোর্ট ছাড়া সব বাস বন্ধ থাকবে যতক্ষণ না আমাদের দাবি পূরণ হয়।”

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, “শ্রমিকরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। মালিকরা ১০০ টাকা বেতন বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। শ্রমিকরা তা মানেননি।

“আমরা শিগগিরই মালিকদের সঙ্গে আবারও বৈঠকে বসব এবং তাদের দাবি মেনে নেওয়ার বিষয়ে আলাপ করব।’’

এ বিষয় নিয়ে কথা বলতে দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানাকে একাধিকবার ফোন দেওয়া হলেও সাড়া দেননি।

কাউন্টারে গিয়েও তাকে পাওয়া যায়নি। কাউন্টার বন্ধ দেখা গেছে।