ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে চাল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা
সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অতিরিক্ত দামে চাল বিক্রি করায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আনন্দবাজার এলাকার চালের পাইকারি আড়তে খাদ্য অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালায়।
এ সময় মেসার্স শামীম ট্রেডার্স ও মোশারফ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান।
এর মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী মেসার্স শামীম ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মোশারফ ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইফতেখারুল আলম রিজভী বলেন, ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে চাল বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়েছে।
তিনি জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
অভিযানে ছিলেন জেলা খাদ্য বিভাগের পরিদর্শক রামিম পাঠান, ক্যাবের জেলা সাধারণ সম্পাদক এস এম শাহীন।
