১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গণপতি চক্রবর্তী পরিবারের চার হত্যার বিচার দাবিতে রংপুরে বিক্ষোভ

বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে গণপতি চক্রবর্তী পরিবারের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।”

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 05:33 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

রংপুর নগরীর কাচারী বাজার এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের তিন সদস্য হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

রোববার দুপুরে কাচারী বাজার এলাকায় গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে অংশগ্রহণকারীরা গণপতি চক্রবর্তী পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। 

একই সঙ্গে রংপুরসহ সারা দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমন্বয়ক ও সিপিবি সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাফি রতন বলেন, “বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মাধ্যমে গণপতি চক্রবর্তী পরিবারের প্রকৃত খুনিদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।” 

কর্মসূচিতে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা রজত হুদা, বাসদের সহসম্পাদক শওকত হোসেন আহমেদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের জেলা সমন্বয়ক আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।