২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় পৌঁছে অন্য একটি গাড়ি পাশ কাটাতে গিয়ে বিপরীত লেনে চলে যান অটোরিকশার চালক।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2026, 01:32 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ বাইপাস সড়কের বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান কালীগঞ্জ থানার এসআই মাকসুদুল কবির নকিব। 

নিহত নূর আলম (৩২) দিনাজপুরের চিরিরবন্দর থানার দুতামরুনপুর এলাকার বাসিন্দা এবং গাজীপুরের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

আহতরা হলেন, দেওয়ানগঞ্জের রবিন (৩৫), টাঙ্গাইলের মধুপুরের রাশেদ রানা (২৪), সিরাজগঞ্জের ফরহাদ (১৯) এবং নরসিংদীর রায়পুরার মাইন উদ্দিন (৩০)।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভোরে সিএনজিচালিত অটোরিকশাটি কালীগঞ্জ বাইপাস সড়ক ধরে নরসিংদীর দিকে যাচ্ছিল। বালীগাঁও মোড়লবাড়ি এলাকায় পৌঁছে অন্য একটি গাড়ি পাশ কাটাতে গিয়ে বিপরীত লেনে চলে যান অটোরিকশার চালক। 

তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজির যাত্রী নূর আলম ঘটনাস্থলেই মারা যান। 

আহত চালকসহ অন্যদের স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দুজনকে ঢাকায় পাঠানো হয়।

এই দুর্ঘটনায় ট্রাকের পেছনে থাকা একটি কভার্ড ভ্যানও ক্ষতিগ্রস্ত হয়।

এসআই মাকসুদুল কবির নকিব বলেন, দুর্ঘটনা কবলিত গাড়িগুলো আটক করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।