১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ অভিযান চালিয়ে সদর, ভোলাহাট, নাচোল, শিবগঞ্জ, গোমস্তাপুরসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 05:58 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন উপজেলায় এক রাতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলায় সোমবার রাতে এসব অভিযান চালানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন বলেন, সোমবার রাত ৩টার দিকে পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিককে গ্রেপ্তার করা হয়। 

পরোয়ানাভুক্ত আসামি আশিক রামকৃষ্টপুর এলাকার ওবায়দুল হকের ছেলে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, কাশিয়াবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে ও আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. রাকিবকে (৫৫) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া পৃথক তিনটি মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. খাদিমুল ইসলাম (২৮), আওয়ামী লীগ কর্মী মো. সাদেক আলী (৫৫) এবং উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মো. জান্নাতুল আলম (৪৮)। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক বলেন, ধরমপুর গ্রামের ইউনুস আলী রাহাতকে (২০) একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্রলীগের সক্রিয় কর্মী।

নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ বলেন, হরিপুর গ্রামের সনিকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি ছাত্রলীগের সক্রিয় সদস্য এবং তাকেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।