২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলাবদ্ধ ঘর থেকে হাসপাতালে নিলেন শিক্ষার্থীরা, তবু বাঁচলেন না অন্তঃসত্ত্বা

রোববার সকালে নাসিমার লাশ ঢাকা থেকে গ্রামে এনে দাফনের ব্যবস্থা করেন শিক্ষার্থীরা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2024, 11:48 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

চাঁদপুরের ফরিদগঞ্জের একটি গ্রামে বৃষ্টিতে জলাবদ্ধ ঘরে শ্বাসকষ্টে ছটফট করছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ। খবর পেয়ে একদল শিক্ষার্থী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও তাকে বাঁচানো গেল না।

শনিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানান ওই অন্তঃসত্ত্বার স্বামী।

নিহত নাসিমা আক্তার (৩১) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া গ্রামের জাফরের স্ত্রী।

রোববার সকালে নাসিমার লাশ ঢাকা থেকে গ্রামে এনে দাফনের ব্যবস্থা করেন শিক্ষার্থীরা।

জাফর একসময় সিএনজিচালিত অটোরিকশা চালাতেন। বর্তমানে অসুস্থতার কারণে ঠিকভাবে চলাফেরাও করতে পারেন না। তাদের ১৪ বছর ও সাত বছর বয়সি দুটি ছেলে আছে।

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জান্নাতুন নাঈম বলেন, শিক্ষার্থীরা খবর পান, ফরিদগঞ্জের গৃদোকালিন্দীয়া গ্রামের অসহায় জাফরের সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী জলাবদ্ধ ঘরে শ্বাসকষ্টে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তখন কয়েকজন শিক্ষার্থী মিলে শনিবার দুপুরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে বিকালে সেখান থেকে এনে ২৫০ শয্যার চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষার্থীরা জানান, চাঁদপুর সরকারি হাসপাতালের গাইনি চিকিৎসক নুসরাত জাহান অন্তঃসত্ত্বা নাসিমার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এরপর শিক্ষার্থীরা তাৎক্ষণিক কিছু টাকা সংগ্রহ করে অ্যাম্বুলেন্সে ওই নারীকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করেন। রাত ১০টার দিকে হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে মারা যান নাসিমা আক্তার।

নিহতের স্বামী জাফর বলেন, তার স্ত্রীর হৃদ্‌যন্ত্রে ছিদ্র থাকায় শ্বাস নিতে কষ্ট হত। অনেক আগে একবার ঢাকায় চিকিৎসক দেখিয়ে ছিলেন। তখন চিকিৎসক সন্তান নিতে নিষেধ করেন। কিন্তু সাত মাস আগে নাসিমা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এতে তার শ্বাস কষ্ট বেড়ে যায়।

জাফর আরও বলেন, “আমি নিজে একজন পঙ্গু মানুষ। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করি। টানা বৃষ্টির কারণে বাড়িঘরে হাঁটুপানি উঠেছে। এর মধ্যে স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। তখন কী করব, ঠিক বুঝতে পারছিলাম না। এর মধ্যে খবর পেয়ে শিক্ষার্থীরা এসে আমার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তারা চিকিৎসার খরচও বহন করেন।”

চাঁদপুর হাসপাতালের চিকিৎসক নুসরাত জাহান বলেন, “অবস্থা জটিল দেখে নাসিমা আক্তারকে দ্রুত ঢাকায় পাঠানো ছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু সাত মাসের বাচ্চার জীবনটাও হারাতে হল। শিক্ষার্থীরা আপ্রাণ চেষ্টা করেও ওই নারীর শেষ রক্ষা হল না।”