২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘মাথা থেঁতলানো’ অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার

শনিবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2026, 01:24 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় রেললাইনের পাশ থেকে আট বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

চরযশোরদী ইউনিয়নের তারাকান্দি গ্রাম থেকে শনিবার রাত ৯টার দিকে মেয়ে শিশুটির লাশ উদ্ধারের খবর জানিয়েছেন নগরকান্দা থানার ওসি রসুল সামদানী আজাদ। 

নিহত মাহমুদা ওই গ্রামের ইদ্রিস মোল্লার মেয়ে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

মেয়েটির চাচা মিজানুর রহমান বলেন, “চার ভাই-বোনের মধ্যে মাহমুদা সবার ছোট। শনিবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার খোঁজ মিলছিল না। পরে বিষয়টি স্থানীয়দেরও জানানো হয়। এক পর্যায়ে রেললাইনের পাশে পারিবারিক কবরস্থানের সামনে থেকে তার লাশ উদ্ধার হয়।” 

ওসি রসুল সামদানী বলছেন, “শিশুটির মাথার বাম পাশ ইট বা ইট জাতীয় কোনো ভারী বস্তু দিয়ে থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে।”  

লাশের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।