ফরিদপুরে গভীর রাতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ৮
ওসি বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
ফরিদপুর সদর উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাত দেড়টার দিকে উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডিপুরে ঢাকা-খুলনা মহাসড়কে ব্র্যাক নার্সারির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার চন্ডিপুরের মৃত জীবন সাধুর ছেলে বিমল কুমার সরকার (৪৫), দয়ারামপুর এলাকার মৃত আসাদউজ্জামানের ছেলে মো. বাবু মোল্লা (১৯), সালথা উপজেলার সালথা গ্রামের দাউদ শেখের ছেলে মো. বিল্লাল হোসেন (১৯), গুড়দিয়া গ্রামের নয়া মাতুব্বরের ছেলে রবিউল ইসলাম (২০), সোলায়মানের ছেলে হাসিবুল (১৯), ঝন্টুর ছেলে আকাশ (২১), খলিসাডুবি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (১৯) এবং মধুখালী উপজেলার গন্ধখালী গ্রামের মাকুল হোসেনের ছেলে সোয়াদ হোসেন (১৯)।
ওসি আসাদউজ্জামান সোমবার বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বিকালে তাদের আাদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
