গাইবান্ধায় জমির বিরোধে স্কুল শিক্ষক নিহত
হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে বলে গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান।
নিহত কফিল উদ্দিন মাস্টার (৬৫) ওই গ্রামের মৃত. ফজর উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।
আহত কফিল উদ্দিন মাস্টারের স্ত্রী পান্না বেগম (৫০), একই গ্রামের মধু মিয়ার স্ত্রী দুলুফা বেগম (৩২), আব্দুর রহিম মিয়ার তিন ছেলে মতিয়ার রহমান (৪২), মধু মিয়া (৩৯) ও আতোয়ার রহমানকে (৩৫) গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসীর বরাতে পুলিশ জানায়, কফিল উদ্দিন মাস্টারের সঙ্গে তার আপন ভাতিজা আব্দুল জলিল মেম্বারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সকালে তাদের মধ্যে কথাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে কফিল উদ্দিন মাস্টার ঘটনাস্থলে মারা যান।
ওসি মোজাম্মেল বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ অভিযান অব্যাহত আছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
