১২ ঘণ্টার ব্যবধানে উখিয়ায় আরেক রোহিঙ্গা যুবক খুন
খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে।
কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তারের জেরে ১২ ঘণ্টার ব্যবধানে আরও এক রোহিঙ্গা যুবককে গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে উখিয়া উপজেলার ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৫ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের-এপিবিএনের অধিনায়ক, অতিরিক্ত উপ মহাপরিদর্শক মোহাম্মদ ইকবাল।
নিহত জাফর আহম্মদ (৪২) উখিয়া উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৯ ব্লকের বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে।
রোববার সকালে উখিয়ার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৯ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে নূর কামাল (২৯) নামের এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
স্থানীয়দের বরাতে মোহাম্মদ ইকবাল বলেন, সন্ধ্যায় উখিয়ার ৪-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের এফ-ব্লকে দ্বিতীয় স্ত্রীর বাসায় যান জাফর আহম্মদ। এ সময় সন্ত্রাসী সংগঠন আরসার ১০/১২ জন সদস্য তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে পাশের ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের কাঁটাতারের বাইরে নিয়ে তাকে প্রথমে গুলি পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থল থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানান মোহাম্মদ ইকবাল।
তিনি বলেন, “প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন:
