২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা

পুলিশের ধারণা, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।

উখিয়ার ক্যাম্পে রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা
ফাইল ছবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2024, 01:45 PM

Updated : 26 Aug 2026, 09:32 AM

কক্সবাজারের উখিয়া উপজেলায় আশ্রয় শিবিরে ‘আধিপত্য বিস্তারের জেরে’ এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

রোববার সকালে ৬টার দিকে উপজেলার ঘোনারপাড়া ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকের রেড ক্রিসেন্ট অফিসের পাশে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন জানান।

নিহত নূর কামাল (২৯) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-১৪ ব্লকের নূর সালামের ছেলে।

ওসি শামীম বলেন, সকালে ক্যাম্পের নিজ এলাকায় স্থানীয় কয়েকজনের সঙ্গে হাঁটাহাঁটি করছিলেন নূর কামাল। এক পর্যায়ে ১০-১৫ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে তুলে নিয়ে যায়। 

“পরে পাশের ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-১৭ ব্লকে রেড ক্রিসেন্ট অফিসের পাশে তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।” 

পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নূর কামালের গলা কাটা লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

শামীম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয়। তারপরও ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ বলে জানান ওসি।