২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় কলেজে ঢুকে ২ শিক্ষার্থীকে ছুরিকাঘাত

সোমবার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 11:16 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় কলেজ ক্যাম্পাসে ঢুকে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন জানান। 

আহতরা হলেন- কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. জহিরুল ইসলাম (১৮) এবং মো. সাব্বির হোসেন (১৮)।

শিক্ষার্থীদের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কলেজের ছাত্রীদেরকে উত্যক্ত করে আসছিলেন তাবজিল হোসেন (২০) ও হানিফ মিয়া (২০) নামে দুই বহিরাগত। এতে বাধা দেয় শিক্ষার্থী জহিরুল ও সাব্বির। এ নিয়ে রোববার কলেজ সড়কে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। 

সোমবার সকালে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে কলেজ ক্যাম্পাসে তাবজিল-হানিফসহ ১০ থেকে ১২ জনের একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে তারা জহিরুল ও সাব্বিরের ওপর অতর্কিতে হামলা চালায় এবং ছুরিকাঘাত করে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনায়েত হোসেন সাংবাদিকদের বলেন, বিষয়টি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) প্রতীক কুমার কুণ্ডুকে জানানো হয়েছে। এ ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন।

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “হামলার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর পরই তাবজিল ও হানিফ এলাকা ছেড়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।