কুমিল্লায় মাদ্রাসা যাওয়ার পথে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন পুকুরে পড়ে যায় বলে ধারণা স্বজনদের।
কুমিল্লা সদর উপজেলায় মাদ্রাসা যাওয়ার পথে পুকুরে পড়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
বৃহস্পতিবার সকালে উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর সামারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম।
মৃতরা হলেন- ওই এলাকার মফিজ মিয়ার ছেলে মো. সামিউল (৪) এবং মজিদ মিয়ার ছেলে মো. ওমর (৫)।
পুলিশ ও এলাকাবাসী জানান, সকাল ৯টার দিকে দুই ভাই পুকুরের পাড় দিয়ে মাদ্রাসা যাওয়ার পথে সামিউল পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ওমরও পানিতে পড়ে যায়।
পরে ১০টার দিকে স্থানীয় লোকজন পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় দুজনকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। তবে উদ্ধারের আগেই তারা মারা যায়।
ওসি মহিনুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর বিষয়টি জেনেছেন তিনি। তবে এ বিষয়ে পরিবারের কেউ অভিযোগ করেননি।
