০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ

বিক্ষোভকারীরা ‘পার্বত্য মন্ত্রীর পদত্যাগ মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 09:57 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহার এবং তাকে পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা-কর্মীরা।

সোমবার বিকাল ৫টার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ হয়। এতে বিএনপি, মহিলা দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বিক্ষোভের কারণে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। অনেক যাত্রীকে হেঁটে সড়ক পার হতে দেখা যায়।

জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম ভুট্টো বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যান। পরে সন্ধ্যা ৬টার দিকে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা ‘পার্বত্য মন্ত্রীর পদত্যাগ মানি না, মানব না’, ‘ষড়যন্ত্রমূলক পদত্যাগ মানি না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।

নির্বাচনে বড় জয় পাওয়া বিএনপি সরকার গঠন করলে দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি সেই দায়িত্ব থেকে ইস্তফা দিলেন।

বিক্ষোভে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন। তিনি দাবি করেন, দীপেন দেওয়ান সুস্থভাবে দায়িত্ব পালন করছিলেন এবং তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

তিনি প্রধানমন্ত্রীর প্রতি দীপেন দেওয়ানের পদত্যাগপত্র পুনর্বিবেচনা করে তাকে মন্ত্রিসভায় ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।

এ সময় জিয়া পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মানস মুকুর চাকমা, মহিলা দলের সভাপতি নূর জাহান পারুলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।