২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা সীমান্তে শিশুসহ ১৯ জনকে হস্তান্তর করল বিএসএফ

ফেরত আসারা বিভিন্ন সময় অবৈধপথে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন বলে জানায় বিজিবি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 10:11 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সীমান্তে শিশুসহ ১৯ নারী-পুরুষকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।

পতাকা বৈঠকের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা সীমান্তে তাদের গ্রহণ করা হয় বলে জানান আমানগন্ডা-১০ বিওপি ব্যাটালিয়নের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. মোস্তফা।

ফেরত আসাদের মধ্যে নয়জন নারী, নয় পুরুষ ও একজন শিশু। তবে তাদের নাম-পরিচয় জানায়নি বিজিবি।

বিজিবি জানায়, পতাকা বৈঠকে ভারতের ত্রিপুরা রাজ্যের দক্ষিণ ভবানীপুর নিউনিদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার দীপংকর সাহার নেতৃত্বে বিএসএফের একটি দল এবং বিজিবির পক্ষে মোস্তফার নেতৃত্বে একটি দল অংশ নেয়।

প্রাথমিক তথ্যে জানা গেছে, সীমান্তে নিয়ে আসা ১৯ জন বাংলাদেশের নাগরিক। তারা বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়ে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন। ভারতের বিভিন্ন কারাগারে সাজাও খেটেছেন তারা।

নায়েক সুবেদার মোস্তফা বলেন, আটক ব্যক্তিদের তথ্য, নাম-ঠিকানা যাচাই ও যথাযথ প্রক্রিয়া শেষে তাদেরকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, বিজিবি ১৯ জনকে থানায় হস্তান্তর ও মামলা দিয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।