২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কংস নদীতে নিখোঁজ পাউবো কর্মীর মরদেহ উদ্ধার

তিনি পাউবোর মাস্টাররোলে ডেপথ রিডার হিসেবে কর্মরত ছিলেন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2026, 06:55 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ময়মনসিংহের ফুলপুরে কংস নদীতে পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ হওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার বেলা ৩টার দিকে ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের কংস নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার সকালে নদীর পানির গভীরতা মাপতে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিহত ৫৮ বছর বয়সী আব্দুল হালিম ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি পাউবোর মাস্টাররোলে ডেপথ রিডার হিসেবে কর্মরত ছিলেন।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, “সোমবার সকাল ৭টায় আব্দুল হালিম বাড়ির পাশে কংস নদে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হন। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে খোঁজা শুরু করে। মঙ্গলবার ও বুধবার দুপুর পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। 

“বেলা সাড়ে ৩টার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জাহাঙ্গীরের ডোবা নামক স্থানে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পরে তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।”