Published : 03 Feb 2026, 06:24 PM
সিলেটের জকিগঞ্জ উপজেলায় একটি হাওর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মৃতদেহের শরীরে আগুনে পোড়ানোর চিহ্ন রয়েছে। পাশাপাশি তার গলায় কাপড় প্যাঁচানো এবং পায়ে রশি বাঁধা অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরের দিকে সুলতানপুর ইউনিয়নের সাতঘরি-বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
নিহত ৪৯ বছর বয়সী বুরহান উদ্দিন শফির বাবার নাম সমছু মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মরদেহের পাশেই একটি লবণের প্যাকেট পাওয়া গেছে। লাশটি মধ্যে বয়সী পুরুষের মানুষের বলে ধারণা করা হচ্ছে।
হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করতে মরদেহে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
ওসি আব্দুর রাজ্জাক বলেন, “বুরহান লন্ডন প্রবাসী ছিলেন। তিনি গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন।"
“এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা-তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।"
ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।