কোটা: ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টা পর চালু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা এলাকা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশজুড়ে ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা এলাকা অবরোধ করলে মহাসড়কের দুই পাশে পাঁচ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে আশুগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া একটি মিছিল গোলচত্বর ও সোনারামপুর ঘুরে সেতুর টোল প্লাজা এলাকায় গিয়ে দুই পাশের রাস্তা বন্ধ করে দেয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে আন্দোলনকারীরা রাস্তায় বসে পড়েন। এক পর্যায়ে শিক্ষার্থীরা টোল প্লাজা কাউন্টারের সামনে অবস্থান নেন।
পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক এবং আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। প্রায় আড়াই ঘণ্টা পর তারা মহাসড়ক ছেড়ে দেন।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার সারা দেশে কোথাও কোথাও আন্দোলনকারী এবং সরকার দলীয় সংগঠন ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে ছয়জন নিহত হন। সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে।
পরে রাত পৌনে ৮টার দিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে খুনের দায়ে জড়িতদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা আসে আন্দোলনকারীদের পক্ষে।
