২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ২ ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণ নিতে গিয়ে ধরা পুলিশসহ ৪ জন

“পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যেও একজন পুলিশ সদস্য রয়েছেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীয়তপুর প্রতিনিধি

Published : 29 Mar 2025, 12:45 AM

Updated : 01 Sep 2026, 11:37 AM

এক নজরে

“পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যেও একজন পুলিশ সদস্য রয়েছেন।”

শরীয়তপুরের ডামুড্যায় দুই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় তিন পুলিশ সদস্যসহ চারজনকে পিটুনি দিয়েছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার রাতে ডামুড্যা বাস স্ট্যান্ড এলাকা থেকে চারজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন- বাগেরহাটের মোল্লারহাট উপজেলার গারফা এলাকার কৌশিক আহমেদ (৩০), শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বড় শিধুলকুড়া এলাকার কাউসার তালুকদার (২৯), মাগুরা জেলার রুবায়েত মীর (২৭) ও কুমিল্লার লাকসাম উপজেলার আমৌদা এলাকার শরীফ হোসেন (৩৫)। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, আটকদের মধ্যে রুবায়েত মীর চাকরিচ্যুত পুলিশ সদস্য। কৌশিক ও কাউসার পুলিশ বাহিনীতে কর্মরত। পুলিশ সুপার বলেন, “একটি চক্র দুই ব্যবসায়ীকে অপহরণ করে। মুক্তিপণ আদায় করার সময় জনতার হাতে চক্রের চারজন ধরা পড়েন। তখন পুলিশ তাদের আটক করে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের মধ্যেও একজন পুলিশ সদস্য রয়েছেন।” অপহরণের শিকার হওয়া দুই ব্যবসায়ী হলেন- ভেদরগঞ্জ উপজেলার ইকরকান্দি এলাকার জুয়েল সরদার ও ডামুড্যা বাজারের ফয়সাল সরদার। পুলিশ বলছে, বৃহস্পতিবার রাতে দুই ব্যবসায়ী বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যার দারুল আমান বাজার এলাকায় কয়েকজন তাদেরকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান। অপহরণকারী দুই ব্যবসায়ীর কাছে সারা দিনে কাপড় বিক্রির টাকা চান। তবে ওই দুজনের কাছে কোনো টাকা ছিল না। ডামুড্যা থানা জানায়, তখন অপহরণকারী ব্যক্তিরা মুক্তিপণ হিসেবে ২০ লাখ টাকা চান। দুই ব্যবসায়ী ১০ লাখ টাকা দিতে রাজি হন। তখন অপহরণকারী ব্যক্তিরা দুই ব্যবসায়ীকে নিয়ে মাদারীপুর শহরের লেকের পাড়ে যান। সেখানে গিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চার লাখ টাকা আদায় করেন। বাকি ছয় লাখ টাকার জন্য রাত ১টার দিকে তারা ওই দুজনকে নিয়ে ডামুড্যা বাসস্টান্ড এলাকায় যান। সেখানে দুই ব্যবসায়ী চিৎকার দিলে আশপাশের লোকজন চলে আসে।