খানজাহান আলী মাজারে শিশুর লাশ
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে অচেনা একজন নারীর কোলে দেখা গেছে।
বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান (রহ.) মাজারের মসজিদ থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেয়ে শিশুটির লাশ মসজিদের বারান্দা থেকে উদ্ধার করা হয় বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান।
শিশুটির বয়স চার বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি বলেন, “খানজাহান মাজারের মসজিদের বারান্দায় নিথর অবস্থায় একটি শিশুকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতে চিহ্ন দেখতে পাইনি।”
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে এ পুলিশ কর্মকর্তা বলেন, “সকাল থেকে অচেনা একজন নারীর কোলে এই শিশুটিকে তারা দেখেছিল। ওই নারীর সন্ধানে পুলিশ কাজ শুরু করেছে। তাকে পেলে ওই শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যাবে।”
এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে শিশুটির মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান ওসি মো. সাইদুল ইসলাম।
