২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জামিন পেয়ে কারামুক্ত ১৭ শিক্ষার্থী

মামলায় এইচএসসি পরীক্ষার্থী, অনার্সসহ বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরাও গ্রেপ্তার হন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2024, 11:35 PM

Updated : 10 Sep 2026, 12:13 PM

কুমিল্লায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ১৭ শিক্ষার্থী জামিনে মুক্ত হয়েছেন।

শনিবার দুপুরে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নিশাত জাহান চৌধুরী তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। সন্ধ্যার পর কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্ত হন বলে রাতে কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান।

গত জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ নাশকতার অভিযোগে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় তিনটিসহ বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়। এসব মামলায় এইচএসসি পরীক্ষার্থী, অনার্সসহ বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরাও গ্রেপ্তার হন।

কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, “শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশনার পরিপ্রেক্ষিতে কুমিল্লার আদালত থেকে শিক্ষার্থীরা জামিন লাভ করেছেন।

“প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ করি। পরে শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষে আইনজীবীরা জামিন চাইলে আদালত শিক্ষার্থীদের জামিন দেন। পরে যথাযথ প্রক্রিয়ায় জামিনের কাগজপত্র কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।”

কুমিল্লার আদালতের পরিদর্শক মুজিবুর রহমান জানান, জামিনপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকার ৭ জন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকার ৮ জন, দেবিদ্বার এলাকার একজন এবং দাউদকান্দি থানার একজন আছেন।