রাকসু ভোটের নতুন তারিখ: অনেকে খুশি, শিবিরের প্রত্যাখ্যান
নানা ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তেজনা ও অস্থির পরিস্থিতির পর সোমবার রাতে রাকসু নির্বাচন পিছানো হয়েছে; ভোটের নতুন তারিখ ১৬ অক্টোবর।
নানা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল ছাত্রদল, বামপন্থিদেরসহ অন্তত পাঁচটি প্যানেল। তার বিপরীতে ইসলামী ছাত্রশিবিরের দাবি ছিল নির্ধারিত দিনেই ভোটগ্রহণের।
দিনভর এই নিয়ে উত্তেজনা ও অস্থির পরিস্থিতির পর সোমবার রাতে রাকসু নির্বাচন পিছানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন। ভোটের নতুন তারিখ ১৬ অক্টোবর ঠিক করা হয়েছে।
নির্বাচন কমিশনের এ ঘোষণাকে বেশ কয়েকটি প্যানেলের প্রার্থীরা স্বাগত জানিয়েছেন; তারা খুশি হয়েছেন।
যদিও ইসলামী ছাত্রশিবির নতুন এই ভোটের দিন প্রত্যাখ্যান করেছে। তারা অভিযোগ করছেন, ভোটের এই তারিখ পেছানোর মাধ্যমে নির্বাচন ‘বানচালের গন্ধ’ পাচ্ছেন।
রাকসুর ইতিহাসে প্রথমবারের মত নারী হিসেবে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেলের তাসিন খান। তিনি বলছিলেন, “নির্বাচন পেছানো হয়েছে এ কারণে আমরা খুশি। কারণ, ২৫ সেপ্টেম্বর অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব ছিল না। আমরা ‘পোষ্য কোটা’র সমস্যার পূর্ণাঙ্গ সমাধান চাই। কারণ, এই সমস্যার সমাধান না হলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। “কারণ, তখন দেখা যাবে, নির্বাচনের দুইদিন আগে আবার এই সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠবে। তাই, দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যার সমাধান করতে হবে।”
গণতান্ত্রিক ছাত্রজোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী ফুয়াদ রাতুল বলেন, “আমরা দেখছিলাম, অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না। তাই আমরা নির্বাচন পেছানোর পক্ষে ছিলাম। শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন আজকে তারিখ পরিবর্তন করে নির্বাচনের নতুন তারিখ দিয়েছে।
“কিন্তু প্রশাসনের একটি বিষয়ে আমরা সমালোচনা করতে চাই, প্রশাসন প্রায়শই নির্বাচনের তারিখ পরিবর্তন করছে। এ কারণে শিক্ষার্থীদের নির্বাচন কমিশনের উপর অনাস্থা তৈরি হয়েছে। আগামী ১৬ অক্টোবরই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে প্রশাসনকে।”
ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী বলেন, “আমরা একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছিলাম। কিন্তু এরই মাঝে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একটা অন্যায্য দাবির কারণে ক্যাম্পাসে এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে। আমাদের প্রচার কার্যক্রমও অনেকটা বিঘ্নিত হয়েছে। আমরা শঙ্কিত ছিলাম, নির্বাচন ২৫ সেপ্টেম্বর সম্ভব কিনা?
“কিন্তু আজকে আমরা দেখলাম, জামায়াত সমর্থিত শিক্ষকরা তাদের ‘কমপ্লিট শাটডাউন’ তুলে নিয়েছে, অর্থাৎ পুরো বিষয়টি জামায়াত-শিবিরের পাতানো খেলা ছিল; যাতে স্বতন্ত্র ও অন্য প্রার্থীরা প্রচার চালাতে না পারে। এরই পরিপ্রেক্ষিতে আমরা আজকে স্বতন্ত্র প্রার্থী ও শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে বসেছি এবং অবশেষে আমাদের দাবি আদায় করে নিয়েছি।”
‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, “রাকসু নির্বাচন মূলত শিক্ষার্থীদের নির্বাচন। এখানে শিক্ষার্থীরা যা চাইবে তাই হওয়া উচিত। আজ সকাল থেকে সকলে আশঙ্কা করছিল যে. যদি ২৫ সেপ্টেম্বর নির্বাচন হয় তাহলে একটি অংশগ্রহণমূলক নির্বাচনে হয়ত হবে না। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তা পিছিয়ে ১৬ অক্টোবর করেছে। আশা করি, সবাই মিলে একটা অংশগ্রহণমূলক, উৎসবমুখর রাকসু নির্বাচন পাব।”
অপরদিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বিএনপিপন্থি শিক্ষকদের সমালোচনা করেন। তিনি বলেন, “তারা কিন্তু নির্বাচন বানচাল করার জন্য ‘পোষ্য কোটা’ ফিরিয়ে নিয়ে এসেছে। শেষে গিয়ে এটা বোঝা গেল যে, তারা ‘পোষ্য কোটাও’ ফেরতর চায়, নির্বাচনও বানচাল চায়। তারা ছাত্রদের ক্ষমতায়ন চায় না।
তিনি আরও বলেন, “বিএনপিপন্থি শিক্ষকদের কার্যক্রমে আমরা খুবই হতাশ। নির্বাচন পেছানের অপরাজনীতি থেকে নির্বাচন বানচালের গন্ধ পাচ্ছি।”
একই প্যানেলের সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী জাহিদ হাসান জোহা বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই একটা গোষ্ঠী সবরকম ঝামেল করে আসছে যাতে তাদের সুবিধা দেওয়া হয়। আর তাদের সর্বোচ্চ সুবিধা হল নির্বাচন বানচাল। আমরা মনে করি, সেই পক্ষকেই সুবিধা দেওয়ার জন্য কমিশন শিক্ষার্থীদের সঙ্গে মুনাফেকি করেছে, বেইমানি করেছে।
“আবার তারিখ পিছানোর মাধ্যমে সেই গোষ্ঠীকেই সুবিধা দিয়েছে প্রশাসন। আমরা এই সিদ্ধান্তকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং আমরা বিশ্বাস করি নির্বাচন ২৫ তারিখেই দেওয়া সম্ভব। আমাদের পরবর্তীতে পদক্ষেপ পরে জানানো হবে।”
রাত সাড়ে ৯টার দিকে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে করে ইসলামী ছাত্রশিবির।
পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
আরও পড়ুন:
