কুড়িগ্রামে জমি দখলের অভিযোগে যুবদলের ২ নেতা বহিষ্কার
দুই দিন আগে জমি দখল করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে তারা পালিয়ে যান বলে জানায় পুলিশ।
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি দখলের অভিযোগে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা কমিটি।
মঙ্গলবার রাতে কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবির ও সাধারণ সম্পাদক নাদিম আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- উপজেলায় যাদুরচর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল সোহান এবং সদস্য নাজমুল হোসেন (টাইগার)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ৩০ বছর আগে যাদুরচর ইউনিয়নের কোমরভাঙ্গী মধ্যপাড়া গ্রামে ১৬ শতাংশ জমির মধ্যে আট শতাংশ জমি আয়নাল মিয়ার কাছে বিক্রি করেন আব্দুল কাদের। আয়নাল মিয়া মারা যাওয়ার পর তার ছেলে চাঁন মিয়া বাকি আট শতাংশ জমি দখলের পাঁয়তারা করেন।
সোমবার বেলা ১১টার দিকে আয়নাল যুবদল নেতা শাহজালাল ও নাজমুলসহ ১২ জনকে ভাড়া করে এনে জোরপূর্বক ওই আট শতাংশ জমি দখলের চেষ্টা করেন। প্রতিবাদ করায় ভুক্তভোগীর পরিবারের সঙ্গে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে গ্রামবাসী ভাড়াটিয়াদের ধাওয়া দিলে তারা প্রাণ বাঁচাতে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। বিষয়টি জানাজানি এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবীর বলেন, “দলীয় নেতাকর্মীরা ব্যক্তিগত স্বার্থে এ ধরনের কাজে জড়ালে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় জড়িতদের সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।”
রৌমারী থানার ওসি সেলিম মালিক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
বহিষ্কারের চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে যুবদল নেতা শাহজালাল বলেন, “আমি পরিস্থিতির শিকার।” এর বেশি কথা বলতে রাজি হননি তিনি।
