গাজীপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়া থামাতে গিয়ে মায়ের মৃত্যু
খেলা বন্ধ করতে বলায় এক যুবক ক্ষিপ্ত হয়ে প্রথমে ছেলেকে এবং পরে তার মাকে মারধর করেন বলে দাবি স্বজনদের।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের মারধরে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১০টার দিকে পৌরসভার দারগারচালা গ্রামের ডলফিন বেকারী মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীপুর থানার এসআই মো. লাল চান।
নিহত সাবিনা ইয়াসমিন (৩৫) ওই গ্রামের শওকত হোসেনের স্ত্রী।
শওকত বলেন, তাদের বাড়ির পাশে এলাকার ছেলেরা ব্যাডমিন্টন খেলছিল। এ সময় তার ছেলে শাওন মাঠের পাশে বসে খেলা দেখছিলেন। রাত ১০টার দিকে খেলা বন্ধ করতে বলেন শাওন। এ সময় বিদ্যুতের অবৈধ সংযোগের তার ছিঁড়ে এক পাশের বাতি নিভে যায়।
“এতে এক যুবক ক্ষিপ্ত হয়ে শাওনকে মারধর করতে থাকেন। এ সময় ছেলেকে বাঁচাতে সাবিনা এগিয়ে গেলে তাকেও আঘাত করা হয়। এতে সাবিনা মাটিতে লুটিয়ে পড়েন”, বলেন তিনি।
শওকত বলেন, দ্রুত সাবিনাকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন।
এসআই লাল চান বলেন, খবর পেয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
