Published : 26 Dec 2025, 12:55 PM
ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপটে কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। তিনদিন থেকে সূর্যের দেখা মিলছে না। ফলে চরম ভোগান্তিতে পড়ছে শ্রমজীবী মানুষ।
শুক্রবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রর কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।
বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
জেলায় সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভূত হতে হচ্ছে। এছাড়া মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। দুপুরের পর কুয়াশা কিছু কাটলেও সূর্য মেঘে ঢাকা থাকছে।
অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো চরম বিপাকে পড়েছে। তারা কাজে বেরুতে পারছে না। পেটের দায়ে যারা বের হচ্ছেন তারাও ঠান্ডায় ঠিকমতো কাজ করতে পারছেন না।
শীত নিবারণে অসহায় -দুঃস্থ মানুষ খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন। আবার অনেকে গবাদি পশুর শীত নিবারণে চটের বস্তা ব্যবহার করছেন।
কুড়িগ্রাম সদরের কালে মৌজার আমজাদ, হালিম, কাচুয়া এবং ময়না বলেন, কনকনে ঠান্ডা হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারনে তারা দুদিন থেকে কাজে যেতে পারেননি।
শীত নিবারণে সহায়তার জন্য প্রশাসন ও বিত্তবানদের অনুরোধও করেন তারা।