২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ‘জুলাই আন্দোলনে শহীদ’ পরিবারের ওপর হামলা, নিহত ১

জমি নিয়ে বিরোধের জেরে এ হামলায় আহত নয়জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ময়মনসিংহে ‘জুলাই আন্দোলনে শহীদ’ পরিবারের ওপর হামলা, নিহত ১
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 06:51 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছেন; এতে আহত হয়েছেন আরও নয়জন। হতাহতরা ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ’ সোহেল রানার পরিবারের সদস্য।

শনিবার দুপুরে উপজেলার গোয়াতলা ইউনিয়নের ছনাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার।

নিহত ইয়াসিন মিয়া (২৫) শহীদ সোহেলের খালাতো ভাই। আহতদের মধ্যে সোহেলের ভাই রুবেল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রীও আছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ছনাটিয়া বিলের বিরোধপূর্ণ জমিতে মাছ ধরতে যান সোহেলের ভাই রুবেল মিয়া ও পরিবারের অন্য সদস্যরা। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ময়মনসিংহে যাওয়ার পথে ইয়াসিন মারা যান।

জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে জানিয়ে গোয়াতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকিরুল ইসলাম টুটন বলেন, “হামলায় শহীদ সোহেলের খালাতো ভাই মারা গেছে। এ ছাড়া তাদের পরিবারের লোকজনই বেশি আহত হয়েছেন।”

ওসি আল মামুন সরকার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।