১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ইয়াবাসহ ২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

তাদের কাছ থেকে ৭২টি ইয়াবা জব্দ করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 12:54 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

নরসিংদীর মাধবদীতে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৭২টি ইয়াবা জব্দ করা হয়েছে। 

মাধবদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলার পর সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লার কোতোয়ালি থানাধীন কৃষ্ণপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলেহানিফ ইসলাম (২২) এবং মাধবদীর আমদিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো. জুয়েল মিয়া (৪০)। 

মামলার এজাহার থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় এসআই ইউসুফ আহম্মেদের নেতৃত্বে পুলিশের একটি দল টাটাপাড়া এলাকায় ইসলাম সিএনজি পাম্পের সামনের রাস্তায় অভিযান চালায়। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় হানিফ ইসলামকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ৪১টি কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১২ হাজার ৩০০ টাকা। 

পরে রাত সাড়ে ১১টার দিকে পাঁচদোনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ইউসুফ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ আমদিয়া গ্রামের রতনের মুদি দোকানের সামনের রাস্তায় অভিযান চালান। 

সেখান থেকে গ্রেপ্তার করা হয় মো. জুয়েল মিয়াকে। তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোঁচড় থেকে উদ্ধার করা হয় ৩১টি ইয়াবা, যার আনুমানিক মূল্য ৯ হাজার ৩০০ টাকা।

ওসি কামাল হোসেন বলেন, জুয়েল মিয়ার বিরুদ্ধে ডিএমপির মিরপুর মডেল থানায় করা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়েছে।

ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে মাঠে রয়েছে পুলিশ। আমাদের এমন অভিযান অব্যাহত রয়েছে।”