Published : 04 Jul 2026, 10:05 PM
বর্তমান সরকারের সময়েই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দশ লেনে উন্নীত করার কথা বলেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী মো. জাকারিয়া তাহের সুমন।
শনিবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “কুমিল্লাসহ প্রত্যেকটি বিভাগীয় শহরে ১১০০ কোটি টাকা ব্যয়ে একটি বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ কাজও হাতে নিয়েছে সরকার। সেখানে সব ধরনের খেলাধুলার সুবিধা থাকবে।”
ঢাকা-কক্সবাজার যে ট্রেনটি শুধু চট্টগ্রাম থামে; তা যেন কুমিল্লায়ও থামে সে ব্যাপারে রেলমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে বলেও জানান গণপূর্তমন্ত্রী। বলেন, “এটা হলে কুমিল্লার মানুষ সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারবেন।”
এ সময় কুমিল্লার সার্বিক উন্নয়ন প্রতিবেদন উপস্থাপন করেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ওতবাতুল বারী আবু, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া।
সমাবেশে কুমিল্লা বিমান বন্দর চালুসহ নানান পরিকল্পনার কথা তুলে ধরা হয়।