Published : 05 Jul 2026, 11:26 AM
গোপালগঞ্জে হ্যান্ডকাফ ও ‘পুলিশ’ লেখা ভেস্টসহ এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। তার কাছ থেকে ছুরি ও একটি খেলনা পিস্তলও উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকালে মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব।
আটক রাকিব শেখ (২৫) মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নের বড় ভাট্রা গ্রামের মৃত হাই শেখের ছেলে ।
বনগ্রামের বাসিন্দা শ্যামল, পরিমল, প্রসুন বলেন, পুলিশের মতো ভেস্ট পড়া রাকিব তাদের গ্রামের ঘাগর বালার ছেলে গগন বালার বাড়িতে ঢুকে পড়ে। পরে পুলিশ পরিচয়ে হুমকি ও ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে সুবিধা নেওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে।
পরে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। তারা ঘটনাস্থলে পৌঁছলে ওই যুবককে তাদের হাতে সোপর্দ করা হয় ।
ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব বলেন, আটক যুবকের সাথে থাকা একটি খেলনা পিস্তল, একটি হ্যান্ডকাফ, পুলিশ লেখা একটি ভেস্ট এবং একটি চাকু জব্দ করা হয়েছে। পিস্তলটি খেলনা হলেও দেখতে অবিকল পিস্তলের মতো।
এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।