২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সেনানিবাসের পরিচ্ছন্নতা কর্মী নিহত

এ ঘটনায় আরো দুজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 11:45 AM

বরিশালে অটোরিকশায় সবজি নিয়ে সেনানিবাসে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে পরিচ্ছন্নতা কর্মীর প্রাণ গেছে; আহত হয়েছেন আরো দুইজন। 

বৃহস্পতিবার সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নলছিটি থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন। 

নিহত মো. বাকিয়ার হোসেন (৩৭) বরিশাল সেনানিবাসের পরিচ্ছন্নতা কর্মী। 

স্থানীয়দের বরাতে ওসি আব্দুস সালাম বলেন, বরিশাল থেকে সবজি কিনে অটোরিকশায় বাকেরগঞ্জের লেবুখালী এলাকায় সেনানিবাসে যাচ্ছিলেন বাকিয়ার হোসেনসহ কয়েকজন। 

দপদপিয়া ডিগ্রি কলেজ এলাকায় পৌঁছলে পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাওয়া ধান বোঝাই ট্রাকের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাহনটিতে থাকা তিন জন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসক বাকিয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি বলেন, “ঘটনার পর ট্রাক ফেলে চালকসহ হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”