১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান সাংবাদিকরা।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, সাংবাদিক নুরুল কবিরকে হেনস্তা এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা।

বৃহস্পতিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

এ সময় নেতারা সংবাদমাধ্যমের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। সেইসঙ্গে দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের মিথ্যা মামলা ও হামলার প্রতিবাদ জানান তারা।

সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দের সভাপতিত্বে মানববন্ধনে জেলা সিপিবির সাবেক সভাপতি এনাম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির জেলা আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন), প্রথম আলো সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি মোহাম্মদ রাজু আহমেদ এবং রুপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন বক্তব্য দেন। 

মানববন্ধন পরিচালনা করেন জেলা সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এ আর জুয়েল।

এতে দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মহসিন রেজা মানিক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ও জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহসভাপতি জাহাঙ্গীর আলম, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মেহেদী হাসান, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, এখন টিভির জেলা প্রতিনিধি লিপসন আহমেদ, সুনামগঞ্জের খবর এর বার্তা সম্পাদক সজীব দে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলাসহ সাংস্কৃতিক সংগঠনকে লক্ষ্য করে হামলা ও উস্কানি দেওয়া হচ্ছে। এক্ষেত্রে সরকারকে কঠোর হতে হবে। সংবাদমাধ্যম আক্রান্ত হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। সংস্কৃতি সংকুচিত হলে মানবিক অবক্ষয় দেখা দেবে।

এমন পরিস্থিতিতে দ্রুত দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।