‘ডেভিল হান্টে’ রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
“অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে”, বলেন তিনি।
‘ডেভিল হান্টে’ রাঘববোয়াল কিংবা চুনোপুঁটি কাউকে ছাড় না দেওয়া কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, “অপারেশন ‘ডেভিল হান্টে’র অভিযানে রাঘববোয়াল-চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। যতদিন দেশ শয়তানমুক্ত না হবে ততদিন এই অপারেশন চলবে।”
সোমবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে আইনশৃঙ্খলা নিয়ে রাজশাহী বিভাগের সকল জেলার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, “যারা শয়তান, তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতোদিন ডেভিলমুক্ত না হবে।
“অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায়, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
ছাত্র আন্দোলনের ঘটনা নিয়ে যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো নির্দেশ ব্যক্তি যেন সাজা না পায় তার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।
মাঠ পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে; যারা মিথ্যা মামলা করেছে তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে। কারণ ডাল, ছোলা, খেজুর ও তেলের সরবরাহ ভালো। কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে। তাদের ধরতে সংবাদমাধ্যমের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দেশে সারের সংকট নেই দাবি করে জাহাঙ্গীর আলম বলেন, “কিছু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে প্রচুর সার মজুদ রয়েছে, কোনো সংকট হবে না।”
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপন ঘিরে বিজিবির সঙ্গে উত্তেজনার সময় এলাকাবাসীর ভূমিকা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়।”
এর আগে রাজশাহী বিভাগীয় আইনশৃঙ্খলা নিয়ে আয়োজিত সভায় আইজিপি বাহারুল আলম, সেনাবাহিনী এগারো পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শেখ মারুফুর রহমান, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ, র্যাব-৫ এর অধিনায়ক মেজর মাসুদ হায়দার, বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ানসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
