ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের ৩ নেতাকর্মী সিরাজগঞ্জে গ্রেপ্তার
তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭টি ইয়াবা, চারটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা উদ্ধার হয়, বলছে র্যাব।
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ইয়াবাসহ পাবনার যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে এ দিন সকালে হাটিকুমরুলের র্যাব-১২ অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে তিনজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়।
তারা হলেন- পাবনা জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর এলাকার দোহারপাড়ার জহুরুল ইসলাম রইসের ছেলে রাশেদ রানা (৪২), যুবদলকর্মী ও রাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে আমিনুল ইসলাম রনি (৪৫) এবং সুজানগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও ভবানীপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে আব্দুল মজিদ মণ্ডল (৪৮)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই তিনজন বাসে করে কক্সবাজার থেকে পাবনায় ফিরছিলেন। রোববার সকালে হাটিকুমরুল মোড়ে একটি বাস তল্লাশি করে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৭৭টি ইয়াবা, চারটি মোবাইল ফোন ও নগদ ২০ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সোমবার সকালে তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পাবনা জেলা যুবদলের আহ্বায়ক য়ক হিমেল রানা ও জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম বলেন, তারা ফেইসবুকের মাধ্যমে খবরটি জানতে পেরেছেন। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারদের বিষয়ে সাংগঠনিক সিদ্বান্ত নেওয়া হবে।
