২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, চালক নিহত

এ ঘটনায় আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2024, 11:52 PM

Updated : 26 Aug 2026, 11:07 AM

মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে চালকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অপর আরোহী।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বদরপাশা ইউনিয়নের কাঠালিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজৈর থানার ওসি মুহাম্মদ মাসুদ খান।

নিহত বোরহান মুফতি (২২) উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দ্বাড়াদিয়ার শাহ মুফতির ছেলে। পেশায় তিনি কাঠমিস্ত্রি ছিলেন।

গুরুতর আহত রাব্বি মুফতি (২২) একই এলাকার মতিয়ার মুফতির ছেলে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রাজৈর থানার মোড় থেকে দুই কাঠমিস্ত্রি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক বোরহান ঘটনাস্থলেই মারা যান। 

অপর আরোহী রাব্বিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলে জানান ওসি মুহাম্মদ মাসুদ খান।