Published : 17 Nov 2025, 10:45 AM
যশোরের শার্শা উপজেলায় একটি কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকালে উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের ‘বাগানপাড়ার কবরস্থান’ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় বলে শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান।
এর আগে ওই কবরস্থানে কবর জিয়ারত করতে গিয়ে পাশে রাখা বালতির ভেতর এসব ককটেল দেখতে পান স্থানীয় দুই ভাই মোজাম্মেল হক ও দরুদ আলী। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মোজাম্মেল হক বলেন, “ভাই দরুদ আলীকে সঙ্গে নিয়ে বাবার কবর জিয়ারত করতে বাগানপাড়ার কবরস্থানে যাই। এ সময় আমরা কাঠের গুঁড়ো ভর্তি দুটি বালতি দেখতে পাই।
“একটি বালতি সরানোর পর ককটেল সদৃশ বস্তু দেখতে পেয়ে সন্দেহ হলে, আমরা দ্রুত বিষয়টি গোগা বিজিবি ক্যাম্পে জানাই।”
তিনি বলেন, গোগা বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাটি শার্শা থানায় জানায়। পরে পুলিশ গিয়ে কবরস্থান ও আশপাশের এলাকা থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শার্শা থানার ওসি আব্দুল আলিম জানান, “ককটেলগুলো কোথা থেকে এলো এবং কি উদ্দেশ্যে কারা রেখেছে
তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”