Published : 01 Jul 2026, 05:35 PM
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় তিনদিন আগে নিখোঁজ এক ব্যক্তির অর্ধগলিত লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বিন্নাওঝা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৫৫ বছর বয়সী শওকত মোল্লা ওই উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের জয়েদ আলী মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ বলছে, গাজী কবিরের পাটক্ষেতে অর্ধগলিত একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন গিয়ে লাশ সনাক্ত করে। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহতের চাচাতো ভাই মো. আয়নাল মোল্লা বলেন, “তিনদিন ধরে ভাই শওকত মোল্লা নিখোঁজ ছিলেন। বিন্নাওঝা গ্রামে একটি লাশ পাওয়ার খবর পেয়ে সেখানে গিয়ে দেখি তার লাশ।”
লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনাটি বিস্তারিত বলা যাবে বলে ওসি জহুরুল ইসলাম জানিয়েছেন।