সাভারে যুবককে ছুরিকাঘাতে হত্যা, বন্ধুকে খুঁজছে পুলিশ
“প্রাথমিকভাবে জানতে পেরেছি, শফিক নামে এক বন্ধুর সঙ্গে সুলতানের পূর্ব শত্রুতা ছিল।”
ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১১টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি রোডের ডগরমোড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন জানান।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত সুলতান হোসেন সাগর (২৫) নোয়াখালী জেলার রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের তসলিম চৌধুরীর ছেলে।
তিনি সাভার ডগরমোরা এলাকায় ভাড়া থেকে ঢাকা ডাইং নামের একটি কারখানায় কাজ করতেন।
পরিদর্শক জালাল উদ্দিন বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি, শফিক নামে এক বন্ধুর সঙ্গে সুলতানের পূর্ব শত্রুতা ছিল। শফিক প্রায়ই তাকে হুমকি দিত। সেই বন্ধুই ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
“পরে স্থানীয় লোকজন তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানায়, অতিরিক্ত রক্তক্ষরণে সুলতানের মৃত্যু হয়েছে।”
শফিককে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
