শেরপুরে জলাশয় পরিষ্কার করা নিয়ে নারী খুন
ঘটনার পর ওই পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে হামলায় এক নারী নিহত হয়েছেন।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার দড়ি কালিনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ জানান।
নিহত ছানিয়া বেগম (৫২) ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, বাড়ির পাশের জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোর কাজ করছিলেন ছানিয়া বেগম। এ নিয়ে ভাসুর আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজনের সঙ্গে ছানিয়া বেগমের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। তখন ছানিয়া বেগম হামলায় গুরুতর আহত হন। স্বজনরা তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ওই পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।
লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
