Published : 12 Aug 2025, 07:48 PM
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের প্রাণ গেছে; আহত হয়েছেন নারী ও শিশুসহ আরও চারজন।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা তালতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুরের লাউশা গ্রামে অটোরিকশা চালক আবুল বাশার (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরের হরিনগর গ্রামের লিটন চন্দ্র দাস (৩২)। তারা দুজন ঘটনাস্থলেই প্রাণ হারান।
আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কালগড়া গ্রামের আমির হোসেনের স্ত্রী মোসা. পানু (৪০) এবং নবীনগর বিজয়পাড়া গ্রামের জাকির হোসেন (৫৫)।
ওসি নাসির উদ্দিন বলেন, উপজেলার মদনপুর থেকে অটোরিকশা ছয়জন যাত্রী নিয়ে চালক বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
তিনি বলেন, ঘটনার পরপর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।
ঘটনাস্থল পরিদর্শন শেষে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, আহতদের অবস্থা সংকটাপন্ন। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।