Published : 21 Dec 2025, 03:27 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
রোববার সকালে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের কাছ থেকে তার পক্ষে স্বতন্ত্র পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
মনিরুল হক সাক্কু কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান এবং দুই বার মেয়রের দায়িত্ব পালন করেছেন। তবে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি বিএনপি থেকে বহিষ্কৃত হন। আওয়ামী লীগ সরকারের সময় দুইবার মেয়র নির্বাচিত হয়ে তিনি সারাদেশে আলোচনায় আসেন।
পরে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আবার মেয়র নির্বাচনে অংশ নিয়ে সমালোচিত ও বহিষ্কৃত হন। বর্তমানে তিনি কুমিল্লা-৬ নির্বাচনি এলাকায় তারেক রহমানের ৩১ দফার প্রচারণা ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।
এ ছাড়া কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পাওয়া মনিরুল হক চৌধুরীর প্রচারে সাক্কু ও তার সমর্থকদের অংশ নিতে দেখা গেছে।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাক্কুর পক্ষে আইনজীবী গোলাম মোস্তফা বলেন, “মনিরুল হক সাক্কু সব সময় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করেছেন, সেই লক্ষে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এগিয়ে যাবেন।”
মনিরুল হক সাক্কু ১৯৯৩ সালে কুমিল্লা জেলা যুবদলের সভাপতি নির্বাচিত হন। ওই পদে তিনি ২০১০ পর্যন্ত বহাল ছিলেন। ২০০৩ সালে তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হন।
২০০৫ সালের উপনির্বাচনে তিনি কুমিল্লার পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছরের ২১ মে তিনি পৌর চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে পরের বছরের ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ১৬ নভেম্বর তিনি দ্বিতীয় মেয়াদে পৌর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।
২০১২ সালে কুমিল্লার প্রথম সিটি করপোরেশন নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থী আফজল খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। ২০১৭ সালে তিনি দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হন। এর মধ্যে ২০২১ সালে তাকে বহিষ্কার করে বিএনপি। পরে ২০২২ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন ও ২০২৪ সালে উপ-নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিয়ে পরাজিত হন সাক্কু।