সাগরে মাছ ধরার সময় আরও ১৪ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটির হাতে বর্তমানে ১১৮ জেলে আটক আছেন।
সাগরে মাছ ধরার সময় কক্সবাজারের টেকনাফে উপজেলার দুটি ট্রলারসহ আরও ১৪ জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
মঙ্গলবার সকালে সেন্ট মার্টিনের অদূরে সাগর থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিটির পরিচালক সাজেদ আহমেদ।
আটক ট্রলার দুটি টেকনাফ পৌরসভার কায়ুখখালী ঘাটের মো. কালাম ও সৈয়দ আহমদের মালিকানাধীন বলে জেলেরা জানান।
সাজেদ আহমেদ বলেন, ঘাট থেকে বেশ কিছু মাঝিমাল্লা ট্রলার নিয়ে সাগরে মাছ শিকারে বের হয়েছিল। এর মধ্য দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর শুনছি।
“বারবার এ ধরনের ঘটনায় মাছ ব্যবসায়ীসহ জেলেদের মাঝে ভয়ভীতির সৃষ্টি হচ্ছে। তাই এ ধরনের ঘটনায় সরকারের সহযোগিতা একান্ত প্রয়োজন।”
এর আগে ১২ সেপ্টেম্বর পাঁচটি ট্রলারের ৪০ মাঝিমাল্লাকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্য ১৭ জেলে কৌশলে পালিয়ে আসলেও বিভিন্ন সময় ধরে নিয়ে যাওয়া আরাকান আর্মি হাতে আরও ১১৮ জেলে বন্দি রয়েছে।
স্থানীয় জেলে নুর কালাম বলেন, “কায়ুকখালী ঘাটে আবুল কালম এবং সৈয়দ আলমের মালিকানাধীন দুটি ট্রলার সাগরে মাছ শিকারে যায়। মাছ ধরার এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলারসহ ১৪ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে। অন্য জেলেরাও ভয়ে আছেন। প্রায় এ ধরনের ঘটনা ঘটছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “দুটি ট্রলারসহ ১৪ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখছি। ধরে নিয়ে যাওয়া জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনী কাজ করছে।”
বিজিবি ও ট্রলার মালিকের তথ্য মতে, গত বছরের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট ২৪২ জেলে আটক হয়েছিল; তাদের মধ্যে ১২৪ জনকে ফেরত আনা গেছে। এখনো ১১৮ জেলে আরাকান আর্মির হাতে বন্দি আছেন।
