শিশুকে যৌন নিপীড়নের ভিডিও ভাইরাল, সিলেটে ইমাম আটক
ভিডিওটি ২০২২ সালের হলেও সম্প্রতি তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এক ইমামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বালাগঞ্জ উপজেলার তাজপুর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল।
আটক শরিফ উদ্দিন (৪০) কানাইঘাট উপজেলার সিঙ্গারী পাড়ার বাসিন্দা।
ওসি আব্দুল আউয়াল বলেন, “ভাইরাল হওয়া ভিডিওটি ২০২২ সালের। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়েছে। ভিডিওতে শরিফকে এক শিশুটিকে নিপীড়ন করতে দেখা গেছে।
“শরিফ গোয়াইনঘাট উপজেলার একটি মসজিদে ইমামের দায়িত্বে থাকার সময় মক্তবে পড়তে আসা এক শিশুর সঙ্গে ঘটনাটি ঘটে। মসজিদের পাশের ঘরে শিশুটিকে নিয়ে যৌন নিপীড়ন করেন শরিফ।”
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
স্থানীয়দের অভিযোগ, অতীতে নারী সংক্রান্ত নানা অভিযোগের কারণে শরিফকে কোনও মসজিদ বা মাদ্রাসায় স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি।
বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, “শরিফ দুটি বিয়ে করেছেন। তার তিনটি কন্যা সন্তানও আছে। ঘটনাস্থল গোয়াইনঘাট হওয়ায় তাকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।”
