১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মাদারীপুরে পুকুরে ডুবে ২ জমজ বোনের মৃত্যু

পুকুরে গোসলের এক পর্যায়ে দুই শিশু পানিতে তলিয়ে যায় বলে জানান স্বজনরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 07:03 PM

Updated : 16 Sep 2026, 05:11 PM

মাদারীপুরের রাজৈর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজৈর পৌর শহরের মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম।

নিহত ছয় বছর বয়সি তাবাসুম আক্তার ও তাহমিনা আক্তার ওই গ্রামের নাসির শেখের জমজ মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বেলা ১২টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায় তাবাসুম ও তাহমিনা। গোসলের এক পর্যায়ে দুই বোন পানিতে তলিয়ে যায়। 

পরে পরিবারের লোকজন তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে পুকুরে গিয়ে তল্লাশি চালায়। পরে দুইজনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনাটি অত্যন্ত দুঃখজনক জানিয়ে ওসি আমিনুল ইসলাম বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনে পুলিশের পক্ষ থেকে আপত্তি নেই।