১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টুঙ্গিপাড়ায় মাদককাণ্ডে জড়িত যুবদল নেতাকে অব্যাহতি

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।

টুঙ্গিপাড়ায় মাদককাণ্ডে জড়িত যুবদল নেতাকে অব্যাহতি
অব্যাহতি পাওয়া মন্টি শিকদার।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2026, 04:36 PM

Updated : 11 Sep 2026, 05:23 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মাদককাণ্ডে জড়িত থাকার ভিডিও ফেইসবুকে ছড়ানোর পর যুবদলের এক নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পাওয়া মন্টি শিকদার ডুমুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও চর-গোপালপুর গ্রামের লতিফ শিকদারের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্টি শিকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়ালে বিষয়টি সংগঠনের নজরে আসে। 

পরে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংগঠনের শৃঙ্খলা, সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মন্টি শিকদারকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন খান বলেন, আগেও একাধিকবার মন্টির বিরুদ্ধে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগ এসেছিল। কিন্তু প্রমাণ না পাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

এবার মন্টির বিরুদ্ধে মাদককাণ্ডের একটি ভিডিও ফেইসবুকে ছাড়ালে তাকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান তিনি।

ফেইসবুকে ছড়ানো ভিডিওতে দেখা যায়, রাতে দুই যুবককে ইয়াবাসহ আটক করেন এলাকাবাসী। তখন তারা যুবদলের নেতা মন্টি শিকদারের কাছ থেকে ইয়াবা কেনার কথা বলেন।

এ বিষয়ে জানতে মন্টি শিকদারের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।