বাজি ধরে ঠান্ডা পানিতে ডুব, অসুস্থ হয়ে মৃত্যু
সকালে পানিতে ১১২ বার ডুব দেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বাজি ধরে ঠান্ডা পানিতে টানা ১১২ বার ডুব দেওয়ার পর এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম।
মৃত বাবুল মোল্লা (৪০) ওই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবুল মোল্লা কাচারিবাড়ি বাজারের কয়েকজন লোকের সঙ্গে বাজি ধরে সকালে প্রচণ্ড ঠান্ডা পানিতে ১১২ বার ডুব দেন। শেষ দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, ঠান্ডা পানিতে এতগুলো ডুব দেওয়ার কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওসি নজরুল ইসলাম বলেন, “বিষয়টি জানতে পেরেছি। তবে যাচাই বাছাই করছি।”
